আন্তর্জাতিক ডেস্ক।।
দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোরে ৭ দশমিক ৭ মাত্রার কম্পনের রেশ না কাটতেই সন্ধ্যায় দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় এদিন সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিমালুংগুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৬৩ কিলোমিটার গভীরে। এতে দেশটির উত্তর সুমাত্রার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
তবে এর কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি। সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ভোরে দেশটির পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ৩৮ জন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে











































