Home জাতীয় মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক : তথ্য-প্রযুক্তি উপদেষ্টা

মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক : তথ্য-প্রযুক্তি উপদেষ্টা

0

ঢাকা অফিস।।

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, খুব শিগগির দেশের সব ব্যাংক মোবাইল ফোন কিনতে ইএমআই বা কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিযোগাযোগ খাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ বা টিআরএনবির উদ্যোগে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে টেলিযোগাযোগ খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উঠে আসে।

স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি হিসেবে নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রেহান আসাদ বলেন, সিম ট্যাক্স প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটুকু পাচ্ছেন, তার জবাব টেলিকম অপারেটরদেরই দিতে হবে।

টেলিকম খাত থেকে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রাখার সম্ভাবনা রয়েছে। এই খাত থেকে জিডিপির ১৫ শতাংশ অবদান আসা সম্ভব বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি আরো জানান, সরকার এ খাতে বিশ্বের শীর্ষ ২০ এর মধ্যে অবস্থান নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যকে সামনে রেখে টেলিকম খাতের জন্য একটি পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। বাজেটের পর রোডম্যাপ দেয়া হবে; এই রোডম্যাপ হবে সম্পূর্ণ পূর্বানুমেয়, ফলে কোনো ধরনের অনিশ্চয়তা থাকবে না।

উপদেষ্টা বলেন, গত ছয় সপ্তাহে টেলিকম খাত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। এসব বৈঠকে তাদের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা শোনা হয়েছে। এই খাতে করহার তুলনামূলকভাবে বেশি হলেও দেশের সামগ্রিক ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো কম। টেলিকম খাত বর্তমানে সরকারের দ্বিতীয় বৃহত্তম কর রাজস্ব উৎস।

কর কমানো হলে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে বিশ্লেষণ চলছে জানিয়ে তিনি বলেন, ‘সব সমস্যার সমাধান এক বাজেটেই সম্ভব না হলেও সরকার বাস্তবভিত্তিক সমাধানের চেষ্টা করবে।

গার্মেন্টসে আমরা যেমন সুযোগ সুবিধা দিয়েছি; বাংলাদেশকে একটা হাব করতে আমরা ইলেকট্রনিকস খাতেও তেমন সুযোগ সুবিধা দেব।’