Home বিনোদন মান-অভিমান অতীত, লাদাখে রোমান্সে মজলেন দেব-শুভশ্রী

মান-অভিমান অতীত, লাদাখে রোমান্সে মজলেন দেব-শুভশ্রী

0

বিনোদন ডেস্ক।।

একসময়ে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে নায়ক দেব ছিলেন ‘পাগলু’! তবে সেই ‘পরাণ যায় জ্বলিয়া’ পর্ব বহু আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর আবারো জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী।

আসছে দূর্গা পূজায় পর্দায় আসছে ‘দেশু ৭’, অর্থাৎ নিজেদের সাত নম্বর সিনেমা উপহার দেবেন টলিউডের আলোচিত এই তারকাজুটি। ঘোষণার পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শকমহলে উন্মদনার শেষ নেই।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জুন মাসেই ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন দেব-শুভশ্রী। এবার জুটির মিষ্টি মুহূর্ত ফাঁস হতেই ভক্তদের উন্মাদনা আরও দ্বিগুণ।

শনিবার (১৫ আগস্ট) সকালে এলো বড় চমক। প্রেম-রোম্যান্সের ভরপুর ‘দেশু ৭’-এর পোস্টার।

সম্প্রতি লাদাখে সিনেমার শুটিং সেরেছেন দেব-শুভশ্রী। সেখানকার ঝলকই ফুটে উঠল নতুন পোস্টারে। তারকাজুটির রোমান্টিক মুহূর্ত যেন ধূ-ধূ করা রুক্ষ প্রান্তরে একফোঁটা জল এনে দিল।

ছবিতে দেখা যাচ্ছে বাইক আরোহী দেবের কোলে বসে শুভশ্রী। সুপারস্টার অভিনেতাকে বুকে আগলে রেখেছেন শুভশ্রী। ‘দেশু ৭’-এর এমন রোমান্টিক ফ্রেম যেন ফিরিয়ে নিয়ে গেল সেই ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’ যুগে। ক্যাপশনেও প্রেমের ঘোষণাপত্র। সেখানে লেখা- ‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।’ শেষে সংযোজন, ‘ওদের চোখে যেমন ভালোবাসা, তেমনই ধমনীতে আগুন। রোমান্স, অ্যাকশন এবং তীব্র উত্তেজনায় ভরপুর এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হোন।’

‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোমান্স দেখার সুযোগ না পেয়ে ভক্তদের মন ভেঙেছিল। তবে এবার যে সেই আশা পূরণ হবে, ‘দেশু ৭’-এর মাধ্যমে।

বলে রাখা যায়, সিনেমাটির নির্দেশনায় রয়েছেন দেব নিজেই। এই সিনেমার মাধ্যমেই পরিচালক দেবের হাতেখড়ি হচ্ছে, এছাড়া এটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সহযোগী হিসেবে থাকছে এসএসআর সিনেমাস। পূজা উপলক্ষে চলতি বছর ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।