নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে দুটি সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। লোহাগড়া উপজেলা ও জেলা শহরের সংযোগের জন্য নলদী বাজার-চন্ডিবরপুর এবং ফেদি বাজার-রায়গ্রাম এলাকায় সেতু দুটি নির্মাণ করা হচ্ছে বলে জানান নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবির। নলদী-চন্ডিবরপুর সেতুর কাজ ২০২০ সালের ২৬ অক্টোবর শুরু হয়।
প্রায় নয় কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি কাজ করছে মেসার্স জিয়াউর রহমান ট্রেডার্স ও সুরমা এন্টারপ্রাইজ। অন্যদিকে ফেদি বাজার-রায়গ্রাম সেতুর কাজ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর শুরু হয়। প্রায় ১০ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়ন করছে আইসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুটি সেতুর কাজই ২০২৫ সালের ৩১ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এ বিষয়ে নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবির বলেন, দুই সেতুর কাজ ৮০ শতাংশ হয়েছে। নলদী-চন্ডিবরপুর সেতুর সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত করা হয়েছে। তিনি বলেন, ফেদি-রায়গ্রাম সেতুর কাজ সময়মত শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে।
নতুন করে টেন্ডার প্রক্রিয়া চলছে। নলদী-চন্ডিবরপুর এলাকার বাসিন্দা সঞ্চিতা বিশ্বাস বলেন, “সেতুর কাজ অনেক দিন ধরে চলছে। মনে হয় জীবদ্দশায় কাজ শেষ হবে না।” একই এলাকার সুনিল বিশ্বাস বলেন, সেতু না থাকায় তাদের ১৫ থেকে ১৭ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সুমন কুমার বলেন, “নদীর ওপারে হাটবাজার ও স্কুল রয়েছে। সেতু থাকলে অল্প সময়ে যাতায়াত করা যেত, কিন্তু এখন অনেক কষ্ট করতে হয়।” ফেদি বাজার এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সেতুর কাজ শুরু হলেও শেষ হয়নি, এতে ব্যবসা ও যোগাযোগে সমস্যা হচ্ছে। আরেক ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, বর্ষায় নৌকা সংকট দেখা দেয়, শিক্ষার্থীরা সময়মত স্কুল-কলেজে যেতে পারে না।
মেসার্স জিয়াউর রহমান ট্রেডার্স ও সুরমা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, সেতুর কাজের সময়সীমা বাড়ানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।











































