Home আঞ্চলিক কেডিএ’র চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন শফিকুল আলম মনা

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন শফিকুল আলম মনা

7


স্টাফ রিপোর্টার।।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে তিনি কেডিএ’র এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্বভার বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, “খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ-স্বচ্ছ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।”


অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা আরও জানান, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি সর্বাধুনিক মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।


দীর্ঘ প্রায় তিন দশক পর কেডিএ-তে একজন বেসামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় খুলনার সাধারণ নাগরিক ও সুধীসমাজের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। দায়িত্ব গ্রহণকালে কেডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।