স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর বাইতুন নুর শপিং কমপ্লেক্সে একটি মোবাইল ফোনের এক্সসেসরিজ দোকানে তাকের গ্লাস ভেঙে পড়ে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলামের বাড়ি খুলনার কিসমত ফুলতলা এলাকায়।
স্থানীয়রা জানান, বাইতুন নুর শপিং কমপ্লেক্সের ‘খুলনা এক্সপ্রেস’ নামে একটি দোকানে বসে ছিলেন তরিকুল ইসলাম। এ সময় দোকানের একটি কাঁচের তাকের গ্লাস ভেঙে তার পায়ের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তরিকুল ইসলাম দোকানের একটি চেয়ারে বসেছিলেন। দীর্ঘ সময় একই অবস্থায় বসে থাকার পর তিনি বাম হাত উপরের দিকে তোলেন। এ সময় তার হাত তাকের গ্লাসে লেগে সেটি ভেঙে পায়ের ওপর পড়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।










































