Home আঞ্চলিক যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

0

যশোর অফিস।।


যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। এছাড়া মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন ওই প্রবাসীর স্ত্রী। এ সময় ওত পেতে থাকা একই গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুলসহ ৫ জন তাকে জোরপূর্বক জিম্মি করে। পরে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা দায়ের করেছি। এরপর রোববার (১৪ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাকি দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।