স্পোর্টস ডেস্ক।।
নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের এজবাস্টনে রবিবার (১৪ জুন) ১ নম্বর গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১৩৯ রান করে ডাচরা। সেই লক্ষ ৫ বল হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ নারী দল। জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় এই রান করেছেন বাংলাদেশ ওপেনার।
দিলারা আক্তারের সঙ্গে জুয়াইরিয়ার ৬৭ রানের উদ্বোধনী জুটিই মূলত বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। ৭.৫ ওভারেই এই রান করেছেন তারা। জুটির ৫০ রানই এসেছে জুয়াইরিয়ার ব্যাট থেকে। অষ্টম ওভারের পঞ্চম বলে ক্যারোলিনা ডি ল্যাঙ্গার বলে পয়েন্টে ক্যাচ দিয়ে জুয়াইরিয়ার বিদায়ের ঠিক পরের বলেই আউট হয়ে যান অধিনায়ক নিগার সুলতানা।
২৩ বলে ২৬ রান করে ওপেনার দিলারা যখন ফিরলেন, বাংলাদেশের স্কোর ১০.২ ওভারে ৭৯/৩। পরের ওভারে সোবহানা মোস্তারিও (১০ বলে ৪) ফেরার পর স্কোরটা হয়ে যায় ৮৫/৪। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারমিন আক্তার। শারমিন ৩২ বলে ৩৭ ও স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে ডাচ মেয়েদের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবেটা ডি লিডি। বাংলাদেশের পেসার মারুফা আক্তার ৩১ রানে নিয়েছেন ২ উইকেট।
বুধবার হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৯/৮ (ডি লিডি ৫০, সিগার্স ১৬; মারুফ ২/৩১, রিতু ১/১৭, রাবেয়া ১/২৬, সানজিদা ১/২৯, ফারিহা ১/৩২)।
বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৪১/৪ (জুয়াইরিয়া ৫০, শারমিন ৩৭, দিলারা ২৬, স্বর্ণা ১৮; ডি ল্যাঙ্গা ২/২৭)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: জুয়াইরিয়া ফেরদৌস।










































