Home Lead মোংলায় কোস্ট গার্ডের স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ৬

মোংলায় কোস্ট গার্ডের স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ৬

9


মোংলা প্রতিনিধি
মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের এ স্টেশনে হামলা হয়। এরপর বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করে কোস্ট গার্ড। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরো ২৫০-৩০০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে। এ মামলায় শুক্রবার বিকেল পর্যন্ত ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বাকী আসামীদের আটকে যৌথবাহিনীর অভিযান চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মোংলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। ওই সময় দায়িত্ব পালনরত তিনজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান শুরু করে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
কোস্ট গার্ড জানান, বিশেষ করে সুন্দরবনের মোংলার জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় ওই এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায় কোস্ট গার্ডের স্টেশন ও কোস্ট গার্ডের উপস্থিতি চায় না। সেই জন্যই দস্যুতা ও দস্যু পরিবারের সাথে পত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত দুর্বৃত্তরা কোস্ট গার্ড স্টেশনে এ হামলা চালিয়েছে।