সাবজাল হোসেন,কালীগঞ্জ।।
সারাবিশ্বের সাথে বাংলাদেশের গ্রামগঞ্জও এখন ফুটবল জ্বরে আক্রান্ত। ১১ জুন থেকে শুরু হয়েছে ৪৮ টি দেশের অংশ গ্রহনে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহাযুদ্ধ। বিশ্ব ফুটবলের বড় এ আসরে আমাদের দেশের অংশ গ্রহন না থাকলেও কারা হচ্ছে চ্যাম্পিয়ন তা নিয়ে শহর, গ্রাম, হাটে মাঠে, ঘাটে, অফিস পাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আর্জেন্টিনা না ব্রাজিল, স্পেন না ফ্রান্স, পর্তুুগাল না জার্মানী আরও কিছু শক্তিশালী দল নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন। এছাড়াও নিজ পছন্দের দলের জার্সি কিনে গায়ে জড়ানো। আর সড়কের পাশে,ব্যবসা প্রতিষ্ঠান বসতবাড়ির ছাদে সাটানো হয়েছে নিজ দেশের পতাকার সাথে ফুটবলে সমর্থন করা দেশের পতাকা। সাধারনত বিশ্বকাপের আসরে চলবে গতির ফুটবল।
কিন্ত এরই মাঝে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ কলীগঞ্জের কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলে থামানো বলের জাদু দেখিয়ে শিক্ষার্থীসহ এলাকাবাসীর মন মাতালেন দেশসেরা বল স্কেটিংয়ের বিশ্বজয়ী আব্দুল হালিম (৫০)। তিনি বল মাথায় নিয়ে দীর্ঘ সময় বাইসাইকেল চালানোর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী দ্য গ্রেটেস্ট ডিসট্যান্স ট্রাভেলড অন আ বাইসাইকেল ব্যালাসিং ফুটবল অন দ্য হেড, বা মাথায ফুটবল রেখে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দুর যাওয়ার বিশ্ব রেকর্ড রয়েছে তার।











































