স্টাফ রিপোর্টার।।
খুলনার সোনাডাঙ্গা এলাকার উত্তর নবপল্লীর বাসিন্দা জনাব মজিবর শেখকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। এর আগে গত ১১ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মজিবর শেখের সহধর্মিণী মৃত্যুবরণ করেন। পরিবারের এই শোকাবহ পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসন তাঁর পাশে দাঁড়ায়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত স্বয়ং উপস্থিত থেকে মজিবর শেখের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক ও সামাজিক সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











































