খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালক নির্বাচনে সরাসরি ভোটে বিজয়ী হয়ে খুলনায় ফিরেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী শফিকুল আলম তুহিন। বৃহস্পতিবার (১১ জুন) খুলনায় পৌঁছালে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান। এর আগে গত রোববার (৭ জুন) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হন শফিকুল আলম তুহিন। খুলনায় ফেরার পর মহানগর বিএনপি ও বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মহানগর বিএনপি, সদর থানা বিএনপি, সোনাডাঙ্গা থানা বিএনপি, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি, খুলনা সদর থানার সকল ওয়ার্ড, মহিলা দল, মহানগর বিএনপি মিডিয়া সেল, দপ্তর সেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা বলেন, শফিকুল আলম তুহিনের দীর্ঘদিনের ক্রীড়াসংগঠক হিসেবে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ক্রিকেটের প্রতি আন্তরিকতা দেশের ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে খুলনাসহ সারাদেশের তৃণমূল ক্রিকেট বিকাশে তার নেতৃত্ব ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। নেতাকর্মীরা বলেন, বিসিবির পরিচালক হিসেবে শফিকুল আলম তুহিনের নির্বাচিত হওয়া খুলনার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। তার মাধ্যমে জাতীয় পর্যায়ে খুলনার ক্রিকেট আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য সুযোগের পরিধি বাড়বে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিনের সফলতা কামনা করেন এবং দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে তার ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিসিবির কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান মিলটন, কাজী জলিল, জাকির ইকবাল বাপ্পি, মো. নাসির উদ্দিন প্রমূখ।

ফুলের শুভেচ্ছার জবাবে বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিসিবির পরিচালক পদে এই বিজয় আমার একার নয়, এই গৌরব সমগ্র খুলনাবাসীর। ক্রিকেট বোর্ডের মতো দেশের শীর্ষ ক্রীড়া সংস্থায় কাজ করার যে সুযোগ আমি পেয়েছি, তা খুলনাসহ সারা দেশের তৃণমূল ক্রিকেটের মানোন্নয়নে বিলিয়ে দিতে চাই। বিগত দিনে খুলনার ক্রীড়াঙ্গন যেভাবে অবহেলিত হয়েছে, সেই বৃত্ত ভেঙে জাতীয় পর্যায়ে আমাদের ক্রিকেটকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই হবে আমার মূল লক্ষ্য। নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য সুযোগের পরিধি বাড়াতে এবং একটি সুপরিকল্পিত ও বৈষম্যহীন ক্রিকেট কাঠামো গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে যেভাবে ভালোবেসে বরণ করে নেওয়া হয়েছে, তার জন্য আমি সর্বস্তরের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসার মর্যাদা আমি কাজের মাধ্যমে রাখব ইনশাআল্লাহ।”











































