স্পোর্টস ডেস্ক।।
বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে অবশেষে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে।
তার ঠিক আগে, আগামী মঙ্গলবারের (৯ জুন) আইসল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় শেষ প্রীতি ম্যাচে এই আর্জেন্টাইন মহাতারকাকে মাঠে নামানোর পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। মূলত চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই যেন অধিনায়ক তার চেনা ছন্দ এবং ম্যাচ ফিটনেস ফিরে পান, সেটাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে যোগ দেওয়ার পর কয়েক দিন এককভাবে অনুশীলন, চোট পুনর্বাসন এবং কন্ডিশনিং সেশন পার করেছেন আর্জেন্টিনার নম্বর টেন। এর আগে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছিল, যেখানে তাকে কেবল ডাগআউটে বসে দলের খেলা দেখতে দেখা গেছে।
তবে হন্ডুরাসের বিরুদ্ধে জয়ের পর টেক্সাসের কলেজ স্টেশনের ‘কাইল ফিল্ড’ স্টেডিয়ামের পিচে অন্য খেলোয়াড়দের সঙ্গে তাকে পুরোদমে অনুশীলন করতে দেখা যায়। বর্তমানে তিনি বেশ ভালো শারীরিক অবস্থায় রয়েছেন।
মেসি কি আইসল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন? আজ বিকেলে আলাবামায় হতে যাওয়া উন্মুক্ত অনুশীলন সেশনের পরই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে কোচ লিওনেল স্কালোনির প্রাথমিক পরিকল্পনা হলো মেসিকে ম্যাচ শুরুর প্রথম একাদশেই রাখা। হন্ডুরাসের বিপক্ষে খেলা দলটির তুলনায় আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার শুরুর একাদশে বেশ কিছু বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
মেসির চোটের অগ্রগতি নিয়ে কয়েক দিন আগেই কোচ স্কালোনি বলেছিলেন, ‘লিও এখন বেশ ভালো আছে। সে দলের সঙ্গে অনুশীলনের একটা বড় অংশ পার করেছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। ও এখন আর দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নয়। আমরা দেখব সে মঙ্গলবারের ম্যাচ নাকি তার পরের ম্যাচে খেলবে। সে আগের চেয়ে অনেক সুস্থ এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’
ফুটবল বোদ্ধাদের মতে, লিওনেল মেসির মতো বিশ্বসেরা প্রতিভার মাঠে জাদু দেখানোর জন্য বাড়তি প্রস্তুতি বা দীর্ঘ সময় খেলার প্রয়োজন পড়ে না। তবে দীর্ঘ ইনজুরির পর শারীরিক সক্ষমতার দিক থেকে নিজেকে শতভাগ পরখ করে নেওয়ার লক্ষ্যেই তাকে এই প্রীতি ম্যাচে খেলানো হচ্ছে। নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে শতভাগ ফিট থেকে মাঠে নামা এবং নতুন নতুন রেকর্ড গড়ার লক্ষ্যেই এখন পাখির চোখ করেছেন ‘এলএমটেন’।









































