বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আমেনা বেগম (৬০) নামের এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৭ জুন) রাতে মাওয়া-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।
জানা গেছে, নিহত আমেনা বেগম উপজেলার মোল্লার কুল গ্রামের দাউদ মোল্লার স্ত্রী।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, মাওয়া-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমেনা বেগম গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।









































