Home আলোচিত সংবাদ ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

3

আন্তর্জাতিক ডেস্ক।।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে গোপন পানির নিচের অস্ত্র উন্নয়নের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন জানায়, শনিবার (৬ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কিম বৃহস্পতিবার একটি নৌ পরীক্ষার সময় উপস্থিত ছিলেন এবং সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

তিনি বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরের আগে একাধিক সামরিক স্থাপনা পরিদর্শন করছেন। শি জিনপিং ৮ থেকে ৯ জুন উত্তর কোরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে, যা প্রায় সাত বছরের মধ্যে তার দ্বিতীয় সফর।

প্রতিবেদনে বলা হয়, কিম একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘কাং কন’-এ উঠে নৌ পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একই সঙ্গে আরও একটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’-এর কার্যক্রমও দেখেন।

এর আগে ২০২৫ সালের মে মাসে ‘কাং কন’ নামের একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে যায়। পরে সেটি মেরামত করে পুনরায় চালু করা হয়।

সাম্প্রতিক নৌ পরিদর্শনের সময় কিম বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও দ্রুত সম্প্রসারণ করতে হবে এবং স্থল, নৌ ও আকাশ-সব ক্ষেত্রে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। তিনি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোকে সম্ভাব্য পারমাণবিক হামলা প্রতিরোধের জন্য জরুরি বলে উল্লেখ করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিমের সঙ্গে তার কন্যাও উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এটি উত্তর কোরিয়ার প্রথম প্রকাশ্য ঘোষণা যেখানে ১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনার কথা বলা হয়েছে। শি জিনপিংয়ের সফরের আগে সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি কৌশল হিসেবেও এটি দেখা হচ্ছে।