Home আঞ্চলিক ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, নিহত ৩

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, নিহত ৩

5

খুলনাঞ্চল রিপোর্ট।।


মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মহাসড়কের ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের শিশুকন্যা আফরিন (৪) এবং মাহিমের ভাগ্নে ও যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে আকবার (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুরের শালিকা থেকে যাত্রী নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত দুই শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুলের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’