ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন (৪০) মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। ঝিনুকমালা আবাসনে বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, আবাসনের ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত বেল্লাল পালানোর চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটিুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা উসলাম জানান, বিকেলে বেল্লাল হোসেন নামের এক রোগী মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যায় অভিযুক্ত বেল্লাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত গোকুল চন্দ্র জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবাসনের বাসিন্দারা বিল্লালকে মারধর করে। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করে। বিকেলে শিশুটির পরিবার সদর থানায় বেল্লালকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










































