ঢাকা অফিস।।
মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থানীয় আধিপত্য ও পূর্ববিরোধের জেরে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয় এবং স্থানীয় নেতাকর্মীদের অন্তত ১০টি বাড়িঘরে কয়েক দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর-বলাকি গ্রামে এই তাণ্ডব চালানো হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা নাজমুল এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও চরম উত্তেজনা সৃষ্টি হয়।
আদালত থেকে এলাকায় ফিরে আসার পর দুপুরের দিকে যুবলীগ নেতা নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা দফায় দফায় ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি হোসেন্দী ইউনিয়নের টানবলাকী এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টিও ভাঙচুর করে। এ সময় নেতাকর্মীদের আরও অন্তত ১০টি বাড়িঘরে হামলা চালানো হয়, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম জানান, এটি কোনো রাজনৈতিক সংঘাত নয়; মূলত স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।










































