স্টাফ রিপোর্টার।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নগর ভবনের নিচতলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থার প্রতীক। দেশের রাজনীতিতে তিনি এমন একটি অবস্থান তৈরি করে গেছেন, যা তাঁকে যুগ যুগ ধরে প্রাসঙ্গিক ও কল্যাণমুখী রাজনীতিতে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের হাতে রাজনীতি তুলে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনমানুষের কল্যাণে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার প্রদানের প্রশংসা করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উপহারে অনুপ্রাণিত হয়ে পবিত্র ঈদুল আজহা পরবর্তী বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহীদ রাষ্ট্রপতির জীবনীর ওপর আলোচনা করেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান।
আলোচক ও বক্তারা বলেন, ১৯৭৭ সালে দায়িত্ব গ্রহণের পর শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার, কৃষি বিপ্লব এবং দূরদর্শী পররাষ্ট্র নীতি গ্রহণের মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অন্তর্ভুক্তকরণ, আঞ্চলিক জোট ‘সার্ক’ গঠন, খাল খনন কর্মসূচি, স্বনির্ভর গ্রাম সরকার ও রফতানিমুখী অর্থনীতি জোরদারে তাঁর অবদান চিরস্মরণীয়। এসব কালজয়ী পদক্ষেপের ফলেই তাঁর গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনমানুষের মনে স্থায়ী স্থান করে নিয়েছে।
কেসিসি’র সচিব মো. রেজা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা এবং এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আব্দুল হক।
কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী।
অনুষ্ঠানে কেসিসি’র সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার, মো. শমসের আলী মিন্টু, এইচ এম আবু সালেক, মো. গিয়াস উদ্দিন বনি, মাজেদা খাতুন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মীর কায়ছেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট গোলাম মওলা, নিজাম উর রহমান বাবলু, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, শফিকুল ইসলাম শফি, শফিকুল ইসলাম শুকুরসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং কেসিসি’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।











































