Home Lead সোনাডাঙ্গায় একই পরিবারের নানি-নাতিসহ ৩জনের লাশ উদ্ধার, মা আটক

সোনাডাঙ্গায় একই পরিবারের নানি-নাতিসহ ৩জনের লাশ উদ্ধার, মা আটক

17


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের নানি ও দুই নাতি-নাতনিসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার দারুল আমান মসজিদ গলির শরিফুল ইসলামের বাড়ি থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ষাটোর্ধ্ব নানি বেবি বেগম, তাঁর সাত বছর বয়সী নাতি মুস্তাকিম এবং শামিম। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত দুই শিশুর মা ও বেবি বেগমের মেয়ে মেরি বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন থেকে গত তিন দিন ধরে শরিফুল ইসলামের ওই ভাড়া বাসাটি বাহির থেকে বন্ধ দেখতে পাচ্ছিলেন প্রতিবেশীরা। দীর্ঘ সময় ঘর বন্ধ থাকা এবং চারপাশের রহস্যজনক পরিস্থিতিতে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানান।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে তল্লাশি চালায়। এ সময় ঘরের খাটের নিচ থেকে নানি বেবি বেগমের লাশ, ট্রাঙ্কের ওপর থেকে নাতনি শামিমের লাশ এবং ওয়ারড্রবের ভেতর থেকে সাত বছরের শিশু মুস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মেরি বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে থাকতে পারে। জানা গেছে, চার বছর আগে মেরি বেগমের প্রথম স্বামী মাসুমের সাথে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি রফিকুলকে বিয়ে করেন।

এই লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনাডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মেরি বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন রফিকুল ইসলামসহ অন্য অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিশেষ তৎপরতা ও অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।