Home খেলাধুলা অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন ম্যাথিউস

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন ম্যাথিউস

0


স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট ও বল হাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় নারী টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কার। তাঁর জায়গা দখল করে আবারও এক নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা হেইলি ম্যাথিউস।

মঙ্গলবার নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নতুন তালিকায় অলরাউন্ডারদের বিভাগে ৪৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ম্যাথিউস। অন্যদিকে ৪৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন কার।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেন নিউজিল্যান্ড অধিনায়ক। ব্যাট হাতে তিন ম্যাচে করেন যথাক্রমে ৮, ০ ও ৫ রান। বল হাতেও নিতে পেরেছেন মাত্র দুটি উইকেট। সিরিজে নিউজিল্যান্ড হেরেছে ২-১ ব্যবধানে।

এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ম্যাথিউস। কারের অবনতির সুযোগে আবারও সিংহাসন ফিরে পেলেন ক্যারিবীয় এই ক্রিকেটার।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন হয়নি।

অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিনজি স্মিথের। ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে ছয় উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া এই স্পিনার ৩৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। শীর্ষ পাঁচে ইংল্যান্ডের তিনজন বোলার জায়গা করে নিয়েছেন। লিনজি স্মিথের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে সোফি এক্লেস্টোন ও লরেন বেল।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। তালিকার প্রথম পাঁচ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল ও বেথ মুনি, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস এবং ভারতের স্মৃতি মান্ধানা।