স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সদর থানাধীন টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় নয়ন শেখ (২৫) নামে হত্যা ও মাদকসহ একাধিক মামলার এক আসামিকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নয়ন শেখ লবণচরা এলাকার আশিবিঘা এলাকার নুলয় শেখের ছেলে। তিনি হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নূর আজিম গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন সন্ত্রাসী মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে ঘটনাস্থলে আসে। পরে তারা নয়ন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের রানে গুলি লাগে।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার দিকে তাকে সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের আটকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।









































