Home আঞ্চলিক মনিরামপুরে দারুল উলুম ইলাহি বখশ মাদরাসার পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন

মনিরামপুরে দারুল উলুম ইলাহি বখশ মাদরাসার পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন

0


মনিরামপুর প্রতিনিধি :


যশোরের মনিরামপুরে দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইলাহি বখশ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) মনিরামপুর বাজারস্থ মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। প্রধান মেহমান ছিলেন জামিয়া ইমদাদিয়া মাদানীনগরের মুহতামিম মাওলানা রশীদ আহমাদ বিন ওয়াক্কাস।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান, বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, সমাজসেবক ও ব্যবসায়ী বাবর আলী জোয়ার্দার, রবিউল ইসলাম মিঠু, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার এবং সমাজসেবক আলহাজ্ব ডাঃ জামাল উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলুম ইলাহি বখশ মাদরাসার মুহতামিম মুফতী কামরুল আনওয়ার নাঈম। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আশরাফ ইয়াসিন। সহযোগিতায় ছিলেন শিক্ষক হাফেজ মাওলানা হাফিজুর রহমান ও নাসিম খান।


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাতের মাধ্যমে হৃদয়ছোঁয়া পরিবেশের সৃষ্টি হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় মাদরাসার শিক্ষার্থীরা ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে।
বক্তারা বলেন, একটি জাতির নৈতিক ভিত্তি মজবুত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। আধুনিকতার এই প্রতিযোগিতামূলক যুগে ধর্মীয় ও নৈতিক শিক্ষা মানুষকে মানবিক, সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই মনিরামপুরের একদল ধর্মপ্রাণ মানুষ বহু বছর আগে দারুল উলুম ইলাহি বখশ মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন। আজ প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এলাকার ধর্মীয় ও নৈতিক জাগরণের এক আলোকবর্তিকায় পরিণত হয়েছে।
প্রধান অতিথি মাহির দায়ান আমিন তার বক্তব্যে বলেন, “আমি মাদরাসার শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানের মান ও ফলাফলে সত্যিই মুগ্ধ হয়েছি। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, আদব-আখলাক ও শিক্ষার যে সমন্বয় দেখেছি, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”


তিনি আরও বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
প্রধান মেহমান মাওলানা রশীদ আহমাদ বিন ওয়াক্কাস বলেন, “শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং মানুষকে আলোকিত ও পরিশুদ্ধ করার জন্য। একটি আদর্শ সমাজ গঠনে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। দারুল উলুম ইলাহি বখশ মাদরাসা সেই মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে।”


বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মাদরাসাটি বার্ষিক ও বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার ও ইসলামী মূল্যবোধ গঠনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ঈর্ষণীয় অবদান রেখে চলেছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।