Home আঞ্চলিক রামপালে ৫০ শয্যার হাসপাতালে ২০০ রোগীর চাপ, ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি

রামপালে ৫০ শয্যার হাসপাতালে ২০০ রোগীর চাপ, ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি

0

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) ।।


বাগেরহাটের রামপাল উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় ২ লক্ষ মানুষ।


জানা গেছে, বর্তমানে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও বাস্তবে প্রতিদিন গড়ে ১৫০-২০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এতে করে রোগীদের সঠিকভাবে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। অনেক সময় রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা যায়। জরুরি বিভাগ, প্রসূতি সেবা, শিশু বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবাগুলোতে চরম চাপ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রামপাল উপজেলার ভৌগোলিক বিস্তৃতি ও জনসংখ্যার তুলনায় বিদ্যমান স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এ অঞ্চলে মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আশপাশের উপজেলা থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।


রামপাল সদর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সিট পাওয়া যায় না, চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। গুরুতর রোগীদের অনেক সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, যা রোগীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।


এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ৫০ শয্যার হাসপাতাল দিয়ে বর্তমান চাহিদা পূরণ সম্ভব নয়। অবিলম্বে এটিকে ১০০ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার মান যেমন বাড়বে, তেমনি রোগীদের ভোগান্তিও কমবে। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবিও জানান তারা।


স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একটি উপজেলায় গড়ে ১ লাখের বেশি জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যার হাসপাতাল পর্যাপ্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী জনসংখ্যার অনুপাতে শয্যা সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। সে বিবেচনায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, রোগীর চাপ দিন দিন বাড়ছে। বিদ্যমান জনবল ও অবকাঠামো দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


এদিকে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক ফোরাম ও সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।


তাদের মতে, একটি আধুনিক ও পর্যাপ্ত শয্যাসংবলিত হাসপাতাল গড়ে উঠলে রামপালসহ আশপাশের এলাকার মানুষ উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে, কমবে চিকিৎসা নিতে দূরে যাওয়ার প্রবণতা, এবং সামগ্রিকভাবে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটবে।