Home আঞ্চলিক গবাদিপশুর জেনেটিক উন্নয়নে গতি আনতে ব্র্যাকের দেশব্যাপী AISP প্রশিক্ষণ

গবাদিপশুর জেনেটিক উন্নয়নে গতি আনতে ব্র্যাকের দেশব্যাপী AISP প্রশিক্ষণ

26

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী “AISP-দের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে BRAC। এই উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন সেবাকে আরও আধুনিক, দক্ষ ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ব্র্যাকের প্রায় ৪ হাজার ৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী (AISP) দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছেন। গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই বৃহৎ সেবা নেটওয়ার্ককে আরও কার্যকর করতে দেশের প্রায় ২৫টি কৌশলগত স্থানে পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে মাঠ পর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সফল প্রজননের হারও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) খুলনার সি.এস.এস আভা সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনার পরিচালক ডা. মো. গোলাম হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক এআই-এর এজিএম সেলস এ.কে.এম. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, খুলনার উপ-পরিচালক ডা. স্বপন কুমার রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম এবং এসিআই গোদরেজ প্রা.লি.-এর ডা. সৈয়দ আমানুল্লাহ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. গোলাম হায়দার বলেন, “বাংলাদেশের প্রাণিসম্পদ খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে হলে মাঠ পর্যায়ের সেবা প্রদানকারীদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। ব্র্যাকের এই উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ।”

সভাপতির বক্তব্যে এ.কে.এম. রবিউল ইসলাম বলেন, “AISP-দের দক্ষতা বৃদ্ধি মানেই সরাসরি খামারিদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি। এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের প্রাণিসম্পদ খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মো. অলিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার ডা. মো. আবু বকর সিদ্দিক ও মো. হুমায়ুন কবির।

প্রশিক্ষণ শেষে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল AISP-কে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে গবাদিপশুর উন্নত জাত বিস্তার, দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।