Home খেলাধুলা বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসছেন অন্তত চার পরিচালক

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসছেন অন্তত চার পরিচালক

24


ক্রীড়া ডেস্ক।।


৭ জুন অনুষ্ঠেয় বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী অন্তত চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি–১–এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ থেকে তিনটি পরিচালক পদের জন্য প্রার্থী মাত্র তিন জন। এ ছাড়া ক্যাটাগরি–৩–এও আছেন একজন মাত্র প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন ঢাকা বিভাগের দুই পরিচালকও। এখানে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও আজ যাচাই–বাছাইয়ে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরুর মনোয়নপত্র বাতিল হয়েছে। তবে আগামীকাল তাঁর আপিল করার সুযোগ আছে।


নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবক ও সমর্থকারী কাউন্সিলর জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় জসিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই বিভাগে মনোয়নপত্র বৈধ হওয়া দুই প্রার্থী হলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ।

সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম ও রংপুর থেকে মির্জা ফয়সল আমীনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নিশ্চিতই বলা যায়। চট্টগ্রাম বিভাগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনে আছেন ফেনীর শরীফুল ইসলাম। তিন প্রার্থীর মধ্যে এই বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন।

খুলনা থেকেও নির্বাচিত হবেন দুই পরিচালক। এই বিভাগে লড়াইয়ে থাকা তিনজন হলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম তুহিন, যশোরের শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গার আব্দুছ সালাম। বরিশাল বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মিজানুর রহমান ও ভোলার মুনতাসির আলম চৌধুরী।

ইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্সের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংয়ের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেঁজগাও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদ উর রহমান।

ক্যাটাগরি–৩–এ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।

পরিচালক পদে মনোয়নপত্র বৈধ হওয়া এই ৩৩ জনের মধ্য থেকে ৭ জুনের ভোটে বিসিবির ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। অন্য দুই পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে। যাঁরাই নির্বাচিত হবেন, প্রার্থী তালিকাতেই এটা স্পষ্ট যে বিসিবির আগামী পরিচালনা পর্ষদ হবে তুলনামূলক অনভিজ্ঞ ও রাজনৈতিক আশীর্বাদপুষ্ট। প্রার্থীদের প্রায় এক–তৃতীয়াংশই ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীদের আত্মীয়স্বজন। বাকিদের অনেকে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।