Home খেলাধুলা যুক্তরাষ্ট্রে প্রবেশে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে কঙ্গোর স্কোয়াডকে

যুক্তরাষ্ট্রে প্রবেশে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে কঙ্গোর স্কোয়াডকে

15


স্পোর্টস ডেস্ক।।


ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপের কঠোর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সেই নিয়ম শিথিল করেছিল তারা। ডিআর কঙ্গো ফুটবল দলের সদস্যদের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বিশেষ বিবেচনায় দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে।

বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেছেন—ফিফা, কঙ্গোলিজ জাতীয় দল ও কিনশাসা সরকারকে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বর্তমানে ট্রেনিংয়ের জন্য বেলজিয়ামে থাকা স্কোয়াডকে ‘বাবলের’ মধ্যে থাকতে হবে।


গিউলিয়ানি বলেছেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্ট করে জানিয়েছি যে ১১ জুন হাউস্টনে আসার আগে তাদেরকে ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে। কঙ্গো সরকারকেও এই ব্যাপারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। তাদের হয় বাবলে থাকতে হবে নয়তো যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঝুঁকিতে থাকবে। আমরা নিশ্চিত করতে চাই যে এই পথে বা আমাদের সীমান্তের কাছাকাছি যেন কিছু প্রবেশ করতে না পারে।’

এএফপিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের পাঠানো আলাদা বিবৃতিতে গিউলিয়ানি জোর দিয়ে বলেছেন, তাদের কাছে আমেরিকান জনগণ, অংশগ্রহণকারী দল ও লাখো ভক্তের নিরাপত্তা ও সুরক্ষা সবার আগে।

বিশ্বকাপে ‘গ্রুপ এইচ’-এ থাকা ডিআর কঙ্গো আগামী ১৭ জুন টেক্সাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

এর আগে আফ্রিকায় ইবোলায় মারাত্মক প্রার্দুভাব দেখা দেওয়ায় গত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন- এমন অনাবাসিক বা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই তিন দেশের মধ্যে একমাত্র কঙ্গোই আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।