Home Lead মহেশ্বরপাশায় ঘের থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

মহেশ্বরপাশায় ঘের থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

34


স্টাফ রিপোর্টার ॥

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার একটি ঘের থেকে রাব্বি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে স্থানীয় ঘের শ্রমিকরা মরদেহটি দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়।


নিহত রাব্বি খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার শাহ আলমের ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও গুলি করে হত্যার পর মরদেহ ঘেরে ফেলে রাখা হয়।


স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত রাব্বি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে এলাকায় প্রচলিত রয়েছে। এছাড়া সম্প্রতি সে আরমান গ্রুপের সঙ্গে চলাফেরা করত বলেও জানা গেছে। শুক্রবার গভীর রাতে যেকোনো সময় এ গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদুল ইসলাম জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।