স্পোর্টস ডেস্ক।।
সৌদি আরবে যাওয়ার পর অবশেষে বড় শিরোপার স্বাদ পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ রাউন্ডে দামাককে ৪-১ গোলে হারিয়ে ছয় মৌসুম পর সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হলো আল নাস্র।
শিরোপা নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের বড় নায়ক পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার (২১ মে) আল-আওয়াল পার্কে লিগের শেষ ম্যাচে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাস্র।
এরপর ব্যবধান বাড়ান কিংসলে কোমান। দামাক পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও পরে রোনালদোর দুই গোলে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা। ৩৪ ম্যাচে ২৮ জয় ও ২ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে আল নাস্র। এটি ক্লাবটির একাদশ লিগ শিরোপা। এর আগে সবশেষ ২০১৮-১৯ মৌসুমে সৌদি লিগ জিতেছিল তারা।
শেষ রাউন্ডে শিরোপার দৌড়ে ছিল আল হিলালও। আল ফায়হাকে ১-০ গোলে হারালেও ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় তারা।
শেষ দিনে দুই শিরোপাপ্রত্যাশীসহ মোট ১২ দল একই সময়ে মাঠে নামে। শুরুতে অবশ্য আল নাস্রের জন্য চাপ বাড়িয়ে দিয়েছিল আল হিলাল। ম্যাচের তৃতীয় মিনিটেই সুলতান মানদাশের গোলে এগিয়ে যায় তারা। অন্যদিকে নিজেদের ম্যাচে পরিষ্কার সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিল রোনালদোর দল। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষেও সাময়িক বদল আসে।
তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল নাস্র। ৩৪তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মানে। সেই গোলেই স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল নাস্র। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান কোমান। ফরাসি উইঙ্গারের দূরপাল্লার গোল ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকদের।
তবে ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দামাককে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন মোরলায়ে। কিন্তু তাদের সেই আশাও দ্রুত শেষ করে দেন রোনালদো। ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে সরাসরি ফ্রি কিকে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।
৮১তম মিনিটে আবারও গোল পান রোনালদো। প্রতিপক্ষের ভুলে ছয় গজ বক্সের ডান দিকে বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। সেই গোলেই আল নাস্রের জয় ও শিরোপা কার্যত নিশ্চিত হয়ে যায়।
এবারের লিগে রোনালদোর গোল হলো ২৮টি। ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৭৩। হাজার গোলের মাইলফলকের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড।
২০২২ সালের ৩০ ডিসেম্বর ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। আল নাস্রের হয়ে এবারই প্রথম মেজর শিরোপা জিতলেন তিনি।
শেষ দিকে রোনালদো ও মানেকে একসঙ্গে তুলে নেন কোচ। মাঠ ছাড়লেও তাদের মুখের হাসি থামেনি। শিরোপা উৎসবের অপেক্ষায় থাকা আল-আওয়াল পার্ক তখন পরিণত হয় হলুদ-নীল আনন্দের মঞ্চে।









































