স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেটে একসময় স্পিন নির্ভরতার কথা বেশি শোনা গেলেও সাম্প্রতিক সময়ে বদলে গেছে সেই চিত্র। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পেসারদের ধারাবাহিক পারফরম্যান্স নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে দলকে।
জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন মনে করেন, পেস বোলারদের মধ্যে বাড়তে থাকা ইতিবাচক প্রতিযোগিতাই এই উন্নতির বড় কারণ। গণমাধ্যমে কথা বলতে গিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আপনি যদি বিগত দুই তিন বছরে আমাদের পেস বোলারদের সাফল্য দেখেন, সেটা অনস্বীকার্য।
যদি এখনো আমাদের টেস্ট জয়ের ভূমিকা দেখেন অবশ্যই পেস বোলারদের অবদান সবচেয়ে বেশি, যেখানে আমরা আগে টেস্টগুলোতে ধুঁকে ধুঁকে সংগ্রাম করতাম।’
বর্তমান পেস ইউনিটের সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, ‘এখন আমাদের নাহিদ রানা, তাসকিন ভাই, যারাই পেস ইউনিটে খেলছে ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট ক্রিকেট সবাই কমবেশি অবদান রাখছে। ’
সাইফউদ্দিনের মতে, সতীর্থদের কঠোর পরিশ্রম একে অন্যকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে।
তিনি বলেন, ‘যখন পাশাপাশি দেখছে সতীর্থরা অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি শ্রম দিচ্ছে তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়। নিজেকে আরও মোটিভেট করা, আরও বেশি কাজ বাড়ানো, চেষ্টা করা। তো এটা আমাদের জন্য ভালো সাইড, বাংলাদেশ ক্রিকেটের জন্য।’
দলের ভেতরের এই প্রতিযোগিতাকে ইতিবাচকভাবেই দেখছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত আরো উন্নতি করার। যত বেশি প্রতিযোগিতা থাকবে, তত বেশি হেলদি কম্পিটিশন থাকবে দলে।’










































