Home আঞ্চলিক ঝিনাইদহে সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ উদ্ধার

ঝিনাইদহে সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ উদ্ধার

5

ঝিনাইদহ প্রতিনিধি।।


ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা ‘আইস’ জব্দ করেছে র‍্যাব। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।

শনিবার (২ মে) দুপুরে শহরের যশোর রোডের টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ খুলে ১ কেজি ৫১০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে সটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার বলেন, জব্দকৃত ১ কেজি ৫১০ গ্রাম আইসের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। আমরা এই পাচারের পেছনের উৎস এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।