স্পোর্টস ডেস্ক।।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ই-সিগারেট বা ভেপিং করেছেন তিনি। যার কারণে পরাগের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
২৯ এপ্রিল রাজস্থানের ড্রেসিংরুমে বসে পরাগের ই-সিগারেট পানের ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্লেয়ার কোড অব কন্ডাক্টের ২.১ অনুচ্ছেদের অধীনে লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন রাজস্থানের অধিনায়ক। যেখানে খেলোয়াড় এবং কর্মকর্তাদের দ্বারা সংঘটিত সাধারণ ও অনির্দিষ্ট বিধি লঙ্ঘনের আলোচনা রয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরাগকে শাস্তি প্রদানের ক্ষেত্রে বিসিসিআই ২.২১ অনুচ্ছেদ প্রয়োগ করেছে। যার উদ্দেশ্য হলো এমন সব ধরনের আচরণকে অন্তর্ভুক্ত করা, যা খেলার সুনাম ক্ষুণ্ন করে এবং খেলার আচরণবিধিতে বর্ণিত নির্দিষ্ট অপরাধগুলোর আওতায় বিশেষভাবে বা পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত নয়। ২.২১ অনুচ্ছেদ (লঙ্ঘনের গুরুত্ব এবং প্রেক্ষাপটের ওপর নির্ভর করে) নিম্নলিখিত বিষয়গুলো নিষিদ্ধ করতে পারে, তবে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়: জনসমক্ষে অসদাচরণ, জনসমক্ষে উচ্ছৃঙ্খল আচরণ এবং অনুপযুক্ত মন্তব্য যা খেলার স্বার্থের জন্য ক্ষতিকর।
বিসিসিআই এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পরাগকে নোটিশ দেওয়া হয়েছে। তবে শাস্তির বিষয়ে তিনি আপিল করতে পারবেন। তবে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ই-সিগারেট পানের অভিযোগ নিয়ে অনুসন্ধান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। রাজস্থানের এই ব্যাটিং অলরাউন্ডার ইতোমধ্যে তার শাস্তি মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছে ক্রিকবাজ।
নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুম এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। মঙ্গলবার (২৮ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৬তম ওভারে দেখা যায়, ড্রেসিংরুমে সতীর্থদের পাশে বসে ই-সিগারেট পান করছেন পরাগ। ফুটেজে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে রয়েছেন পরাগ। সেই সময় তার হাতে একটি ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস দেখা যায় বলে অনেকের দাবি।











































