Home খেলাধুলা রোনালদোর ৯৭০তম গোলে টানা ২০ জয় নাসরের

রোনালদোর ৯৭০তম গোলে টানা ২০ জয় নাসরের

1

স্পোর্টস ডেস্ক।।

সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আল নাসর। বুধবার (২৯ এপ্রিল) রাতে আল আহলিকে ২-০ গোলে হারিয়ে টানা ২০তম জয়ের মাইলফলক স্পর্শ করেছে তারা। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাকলেও আল আহলির রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় আল নাসরকে। টানা ৭৫ মিনিট গোলশূন্য থাকার পর জটলা ভাঙেন পর্তুগিজ সুপারস্টার। জোয়াও ফেলিক্সের কর্নারে লাফিয়ে উঠে চমৎকার এক হেডে বল জালে জড়ান তিনি। গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এটি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারের ৯৭০তম গোল।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আল আহলির কফিনে শেষ পেরেকটি ঠোকেন কিংসলে কোমান। ৯০ মিনিটে গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৮ থেকে বাড়িয়ে ১১-তে উন্নীত করল আল নাসর।

এই গোলের মাধ্যমে রোনালদো টানা তিন লিগ মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালেন। এর আগে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত টানা ৯ বার তিনি এই রেকর্ড গড়েছিলেন। গত ৯ ম্যাচে নয়টি গোল করা রোনালদোর ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট গোল সংখ্যা এখন ৯৭০। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ১২৬টি। চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তিনি ইভান টোনির চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন।