স্পোর্টস ডেস্ক।।
মোস্তাফিজুর রহমানের দল ‘দ্য হান্ড্রেডে’ এর এক অংশ কিনে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। তাতে তার খরচ হয়েছে ১৬ কোটি টাকারও বেশি।
‘দ্য হান্ড্রেডে’র বার্মিংহাম ফিনিক্সের ১.২ শতাংশ কিনতে বেলিংহাম খরচ করেন ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি ৬০ লাখ টাকা। এই দলেই খেলবেন মোস্তাফিজুর রহমান। গত ১২ মার্চ ‘দ্য হান্ড্রেডে’র নিলাম থেকে ১ কোটি ৬৪ লাখ টাকায় তাকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তিনি।
আমেরিকান বিনিয়োগকারী সংস্থা নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট গত বছর বার্মিংহাম ফিনিক্সের সহ-সত্বাধিকারী হয়েছে। এই কোম্পানি ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে মালিকানা ভাগাভাগি করে নিয়েছে। ওয়ারউইকশায়ারের কাছে বার্মিংহাম ফিনিক্সের ৫০.৪ শতাংশ শেয়ার রয়েছে। নাইটহেড ক্যাপিটালের কাছে রয়েছে ৪৮.৪ শতাংশ।
ওয়ারউইকশায়ার তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ’ফ্র্যাঞ্চাইজিতে তাদের ৫০.৪ শতাংশ শেয়ারের ন্যায্য মূল্য ধরা হয়েছে ৪৮ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ৭৯৬ কোটি ৮৩ লাখ টাকা। নাইটহেডের প্রাথমিক বিনিয়োগের খরচ এবং সংখ্যাগরিষ্ঠ মালিকানার জন্য একটি উপযুক্ত প্রিমিয়াম যোগ করে এই হিসাব করা হয়েছে।’
নাইটহেড ক্যাপিটাল ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহাম সিটির সত্বাধিকারী। বার্মিংহাম ফিনিক্সের ১.২ শতাংশ কেনার পর এক বিবৃতিতে বেলিংহাম বলেন, ‘আমি বার্মিংহামকে ভালোবাসি। পুরো বার্মিংহাম শহর আমার জন্য যা করেছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি ক্রিকেটও ভালোবাসি। এর (বার্মিংহাম ফিনিক্স) হওয়ার সুযোগ পেয়ে দ্বিতীয়বার ভাবিনি। এই দলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি।’
বার্মিংহাম সিটির একাডেমি থেকেই পথচলা শুরু হয়েছিল বেলিংহামের। অনূর্ধ্ব-৮ দলে যোগ দিয়েছিলেন তিনি। ১৬ বছর বয়সে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার নজিরও গড়েছিলেন তিনি। পরবর্তীতে বরুসিয়া ডর্টমুন্ড হয়ে এখন রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়াচ্ছেন জুড বেলিংহ্যাম।











































