স্টাফ রিপোর্টার।।
খুলনায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ৩৫টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মো. আনাছ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়। আদেশ অনুযায়ী, খুলনা মহানগর ও জেলার ৩৫টি ফিলিং স্টেশনে ৩৫ জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর মধ্যে মহানগরে ১৭ জন এবং উপজেলা পর্যায়ে ১৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা নিজ নিজ ফিলিং স্টেশনে নিয়মিত উপস্থিত থেকে তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রম মনিটর করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক মজুদ রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত তেলের পরিমাণ যাচাই, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষণ এবং বিক্রয় শেষে সমাপনী মজুদ পর্যালোচনা করা।
এছাড়া অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী মজুদ ক্ষমতা যাচাই, অনুমোদিত ট্যাংক বা স্থাপনার উপস্থিতি পরীক্ষা এবং ভোক্তা পর্যায়ে অবৈধ বিক্রি প্রতিরোধ করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
ট্যাগ অফিসাররা প্রতিদিন অন্তত তিনবার স্টক আপডেট নিশ্চিত করবেন। নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি শুরু না হলে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট পরিচালনা এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে খুলনায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত ও ঝুঁকিমুক্ত হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা প্রতিটি ফিলিং স্টেশনে নিয়মিত রিপোর্ট সংরক্ষণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য পাঠাবেন।











































