১৭ মাস পর রাজনৈতিক নেতৃত্বে কেসিসি, প্রত্যাশার পাহাড় নতুন প্রশাসকের কাঁধে
স্টাফ রিপোর্টার।।
দেড় বছরের বেশি সময় পর সরকারি কর্মকর্তার হাত থেকে আবারও রাজনৈতিক নেতৃত্বে ফিরেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। যেমন স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে, তেমনি নতুন প্রশাসকের কাঁধে চেপেছে প্রত্যাশার ভার। মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু কেসিসির ২০তম দায়িত্বপ্রাপ্ত নগর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন একগুচ্ছ জটিল চ্যালেঞ্জ সামনে নিয়ে। স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনে আজ (০১ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর সোয়া ২টায় দায়িত্ব গ্রহনের কথা রয়েছে।
রাজনৈতিক নেতৃত্বে প্রত্যাবর্তন: ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত সর্বশেষ সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার ওই পরিষদ বাতিল করলে পদাধিকারবলে বিভাগীয় কমিশনাররা প্রশাসকের দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী করপোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মঞ্জু। প্রায় ১৭ মাস পর নগর সংস্থায় রাজনৈতিক নেতৃত্বের প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
নাগরিক সেবায় বড় চ্যালেঞ্জ: নতুন প্রশাসকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে-
নগরীর বেহাল সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন, কার্যকর মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ট্রাফিক শৃঙ্খলা ও অবৈধ দখল উচ্ছেদ, দীর্ঘদিনের এসব সমস্যায় নগরবাসীর ভোগান্তি চরমে। ফলে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যাশার চাপ বাড়ছে মঞ্জুর ওপর।
দলীয় ঐক্য ও আস্থা অর্জন: শুধু প্রশাসনিক নয়, দলীয় ঐক্য ধরে রাখা এবং নেতাকর্মীদের আস্থা সুসংহত করাও বড় দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে। নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এক যৌথ বিবৃতিতে বলেন, ছাত্রজীবন থেকে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকা নজরুল ইসলাম মঞ্জুর প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা কেসিসিকে গতিশীল করবে। তারা মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমেই এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।
নাগরিক সমাজের প্রত্যাশা: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, দীর্ঘদিনের সমস্যা সম্পর্কে মঞ্জু অবগত। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি দৃশ্যমান পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, একজন বর্ষীয়ান রাজনীতিককে প্রশাসক নিয়োগে আমরা আশাবাদী। দুর্নীতি প্রতিরোধ, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, মশক নিধনসহ নাগরিক সমস্যাগুলো সমাধানে দৃঢ় উদ্যোগ প্রয়োজন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা: দলীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘ ২৮ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভরাডুবির মধ্যেও খুলনা-২ আসনে বিজয়ী হন তিনি। তবে ২০২১ সালে কেন্দ্র ঘোষিত আংশিক কমিটিতে তিনি বাদ পড়েন—যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল।
কৃতজ্ঞতা ও অঙ্গীকার: দায়িত্বপ্রাপ্তির পর নজরুল ইসলাম মঞ্জু প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার বিভাগ ও দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। নগরবাসীর জীবন যেন সুস্থ, সুন্দর ও নিরাপদ হয়—সে লক্ষ্যে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।” এখন দেখার বিষয়—দীর্ঘ অভিজ্ঞতার আলোকে নগর প্রশাসক মঞ্জু কত দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে পারেন। নগরবাসীর প্রত্যাশা—কথার চেয়ে কাজে প্রমাণ হোক নেতৃত্বের শক্তি।











































