Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর পর না ফেরার দেশে আরেক বন্ধু

সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর পর না ফেরার দেশে আরেক বন্ধু

14

খুলনাঞ্চল রিপোর্ট।।

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাঈদ হোসেন (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় তার দুই সহপাঠী বন্ধু রহমত আলী ও সাহাবী হোসেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জানাজা শেষে সাঈদ হোসেনকে তার দুই বন্ধুর পাশে দাফন করা হয়। একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলো তিন বন্ধু।

নিহতরা হলো- দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত আলী (১৪), আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪) এবং জিয়ার আলীর ছেলে সাঈদ হোসেন (১৪)। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু প্রাইভেট পড়ার উদ্দেশ্যে দৌলতখালী মাদরাসা মোড়ে যায়। পড়া শেষে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহমত আলী ও সাহাবী হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাঈদ হোসেনকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।