ঢাকা অফিস।।
সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাজিরা প্যারেডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন আনসার ভিডিপির খুলনার উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ৭৯১৭জন সদস্যের উপস্থিতিতে হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী ।
সাতক্ষীরা জেলার ৬০৯টি কেন্দ্রের প্রতিটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩জন অস্ত্রধারী সদস্যসহ মোট ১৩জন করে নারী ও পুরুষ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এসব সদস্যদেরকে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনামূলক ভিডিও বক্তব্য কেন্দ্রীয়ভাবে অবহিতকরণ ও দায়িত্বপালনে সক্ষমতা যাচাই এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বপালনের জন্য উদ্বুদ্ধকরণের নিমিত্তে এই হাজিরা প্যারেড আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালক আজিমউদ্দিন (খুলনা রেঞ্জ), পরিচালক এফতেখারুল ইসলাম (অধিনায়ক, ৩০ আনসার ব্যাটালিয়ন সাতক্ষীরা) ও মো. রুবেল হোসাইন (জেলা কমান্ড্যান্ট, সাতক্ষীরা আনসার ও ভিডিপি কার্যালয়)।











































