Home আঞ্চলিক শ্রমিকের ঘামে গড়া জনপদ খুলনা-৩: ভোটের লড়াইয়ে এগিয়ে তারুণ্যের কণ্ঠ বকুল

শ্রমিকের ঘামে গড়া জনপদ খুলনা-৩: ভোটের লড়াইয়ে এগিয়ে তারুণ্যের কণ্ঠ বকুল

42


রহমান মিজান।।
খুলনা সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা-৩ সংসদীয় আসন-শ্রমিকের ঘাম, সাধারণ মানুষের সংগ্রাম আর রাজনৈতিক ইতিহাসে ভরপুর এক জনপদ। অতীতে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি পালা করে জয় পেলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা-৩–এ এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় ভোটের অঙ্কে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে দলটির কর্মী-সমর্থকদের অবস্থান। এই বাস্তবতায় খুলনা-৩ আসনে মোট ১০ জন প্রার্থী থাকলেও মূল লড়াই কেন্দ্রীভূত হয়ে উঠেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান–এর মধ্যে।


মাঠের চিত্র: সমানে সমান প্রচার, তবে এগিয়ে ধানের শীষ:
সরেজমিনে খুলনা-৩ আসনের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে যে চিত্র উঠে এসেছে, তাতে দেখা যায়—প্রচার-প্রচারণায় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রায় সমানে সমান হলেও জনসমর্থনে রকিবুল ইসলাম বকুল অনেকটা এগিয়ে। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো।


পাড়া-মহল্লা, শ্রমিক কলোনি, বাজার আর মোড়ে মোড়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বকুল। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক ঝাঁক তরুণ নেতৃত্ব ও স্বতঃস্ফূর্ত কর্মীদের।


ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত জিএস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুইবারের সহ-সভাপতি-দীর্ঘ রাজনৈতিক পথচলার মধ্য দিয়ে উঠে আসা রকিবুল ইসলাম বকুল বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্বে। রাজপথের রাজনীতি আর সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি নিজেকে তুলে ধরছেন শ্রমিক ও সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে।


শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী:
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান তফসিল ঘোষণার পর থেকেই মাঠে নেমেছেন পূর্ণ প্রস্তুতি নিয়ে। ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ধানের শীষের প্রার্থীকে চ্যালেঞ্জ জানাতে তিনি চালাচ্ছেন সংগঠিত প্রচার।


ইসলামী আন্দোলনের প্রার্থীর ভোটব্যাংক:
এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল আউয়ালও আলোচনায়। ২০২৩ সালের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রায় ৬০ হাজার ভোট পেয়ে দ্বিতীয় হওয়া এই প্রার্থীর একটি দৃশ্যমান ভোটব্যাংক রয়েছে, যা শেষ মুহূর্তে ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


চিকিৎসা বঞ্চনার অবসান চান বকুল:
গণসংযোগকালে রকিবুল ইসলাম বকুল বারবার তুলে ধরছেন খুলনা-৩ আসনের দীর্ঘদিনের বঞ্চনার কথা। তিনি বলেন, “খুলনা-৩ মূলত শ্রমিক ও সাধারণ মানুষের এলাকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য-এখানে মানসম্মত চিকিৎসা সেবার চরম সংকট। আজও জরুরি ও উন্নত চিকিৎসার জন্য মানুষকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হয়।”


এই বঞ্চনার অবসান ঘটাতে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে একটি আধুনিক, বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অঙ্গীকার করেন তিনি-যেখানে নামমাত্র খরচে সাধারণ মানুষ সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা পাবে।


ধর্মের নামে প্রতারণার বিরুদ্ধে কঠোর ভাষা:
গত ২২ জানুয়ারি খালিশপুরে এক জনসমাবেশে বকুল আরও কঠোর ভাষায় বলেন, “সম্পদ বা ক্ষমতার প্রকৃত মালিক মানুষ নয়। অথচ তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এক ধরনের মিথ্যাচার, যা মুসলমানদের জন্য শিরকের শামিল। ভোটের আগেই যারা এমন মিথ্যে প্রলোভন দেখাচ্ছে, তারা ক্ষমতায় গেলে জনগণের ওপর চরম জুলুম ও প্রতারণা চালাবে।”


তিনি বলেন, সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করা শুধু রাজনৈতিক অনৈতিকতা নয়, বরং গুরুতর ধর্মীয় অবমাননা। এ ধরনের প্রতারক রাজনীতি থেকে দেশ, ইমান ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


শেষ কথা:
জনগণের রায় নিয়ে সংসদে যেতে পারলে খুলনা-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নে কোনো আপস করবেন না-এমন দৃঢ় অঙ্গীকার করেছেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। শ্রমিক-অধ্যুষিত এই জনপদে শেষ পর্যন্ত কার পক্ষে যাবে নীরব ভোটারদের রায়-সেই অপেক্ষায় এখন খুলনা-৩।