ক্রীড়া ডেস্ক।।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমের নিলামে বাংলাদেশের বড় উপস্থিতি থাকছে। টুর্নামেন্টের ১১তম আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৫০ ক্রিকেটার। দেশটির জাতীয় দলের খেলা না থাকায় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান অনেক খেলোয়াড়ও।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তরুণ ওপেনার জাকির হাসান। তিনজনই নিলামে নাম দিয়েছেন ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা ও টি-টোয়েন্টি ফরম্যাটে কার্যকারিতার কারণে এ তিন ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গত মৌসুমে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করা লেগ স্পিনার রিশাদ হোসেন নিলামে নাম লিখিয়েছেন ১ কোটি ১০ লাখ রুপির ভিত্তিমূল্যে। তার সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়সহ জাতীয় দলের একাধিক নিয়মিত মুখ। এ তালিকায় তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে বড় একটি গ্রুপ থাকায় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রতিযোগিতা জমে উঠতে পারে নিলাম টেবিলে। ৬০ লাখ রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম দেওয়া ক্রিকেটারদের মধ্যেও রয়েছে পরিচিত অনেক নাম। সাব্বির রহমান, নাসির হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলী, নাইম শেখের মতো ক্রিকেটাররা এই ক্যাটাগরিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। পাশাপাশি দেশীয় ক্রিকেটে নিয়মিত পারফরম করা একাধিক তরুণ খেলোয়াড়ও সুযোগের অপেক্ষায় আছেন।এদিকে নিলামের
আগেই দল নিশ্চিত করেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর আগেও ২০১৮ সালে এ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন বাঁহাতি এ পেসার।











































