রাজধানী থেকে ফরিদপুর—দেশজুড়ে গোপন অস্ত্রভাণ্ডারের ভয়াবহ চিত্র
খুলনাঞ্চল রিপোর্ট।।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও নাশকতার আশঙ্কার মধ্যেই একদিনে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধারণা, সংঘবদ্ধ অপরাধচক্র ও নাশকতাকারী গোষ্ঠীর ব্যবহারের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অস্ত্র গোপনে মজুদ করা হয়েছিল। আমাদের ঢাকা অফিস জানায়, রাজধানীর উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলির বিশাল চালান উদ্ধার করা হয়েছে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান বিপুকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিপুর সঙ্গে বাড্ডার সাইদ নামে আরেকজনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বিপুর বিরুদ্ধে বাড্ডা, গুলশান ও বারিধারা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া কুখ্যাত সন্ত্রাসী মেহেদি কলিন্স ও গোলাম মর্তুজা বাবু তার ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে একাধিক সূত্র। উদ্ধারকৃত অস্ত্রগুলো ভাড়ায় বিভিন্ন সন্ত্রাসীর কাছে সরবরাহ করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ১টি রাইফেল, বিপুল গোলাবারুদ, ম্যাগাজিন, ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, বিদেশি ছুরি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, বিপু আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই এসব অস্ত্র গোপনে মজুদ করে রেখেছিলেন।
কে এই বিপু:
পুলিশ সূত্র জানায়, সুব্রত বাইনের গ্রেপ্তারের পর রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছিলেন মেহেদী হাসান বিপু। তার নেতৃত্বে অস্ত্র-গোলাবারুদ বেচাকেনা, চাঁদাবাজি ও খুনের একাধিক ঘটনা সংঘটিত হয়েছে। গত এক বছরে এই চক্রের হাতে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
দেশজুড়ে অস্ত্র উদ্ধার:
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকাতেও যৌথ বাহিনীর অভিযানে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে। তপশিল ঘোষণার পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২০৪টি অস্ত্র ও ১ হাজার ৯৬৫টি গোলাবারুদ জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী, ময়মনসিংহের গফরগাঁও, শরীয়তপুর, যশোরের বাঘারপাড়া এলাকাতেও অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যশোরে একটি বাড়ি থেকে গ্রেনেডসদৃশ বিস্ফোরক উদ্ধার করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল তা ধ্বংস করে।
ফরিদপুরে পুকুরে অস্ত্রের গুদাম:
নির্বাচনের আগে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে ফরিদপুরে। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র। কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস অংশ নেয়। ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, নাশকতার উদ্দেশ্যেই অস্ত্রগুলো পানির নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি:
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর লুট হওয়া পুলিশের ৫ হাজার ৭৬৩টি অস্ত্রের মধ্যে এখনো ১ হাজার ৩৩১টি উদ্ধার হয়নি। এসব অস্ত্র ও বিপুল গোলাবারুদ এখনও অপরাধীচক্রের হাতে থাকার আশঙ্কা রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “এত বিপুল অস্ত্র একা কারও পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এর পেছনে শক্ত ও সংগঠিত নেটওয়ার্ক রয়েছে।” স্থানীয়দের মতে, যৌথ বাহিনীর এসব অভিযান বড় ধরনের সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে তারা নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।











































