Home খেলাধুলা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রানা, স্কোয়াডে সিরাজ

বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রানা, স্কোয়াডে সিরাজ

6


স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুর চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের অলরাউন্ডার হর্ষিত রানা। তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মোহাম্মদ সিরাজকে।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ ও স্ক্যানের পর বিসিসিআইয়ের মেডিকেল টিম হর্ষিত রানাকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে ঘোষণা করেছে।’

এর আগে একই দিন অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, রানার অবস্থা ‘ভালো দেখাচ্ছে না।’ তিনি বলেন, ‘ফিজিওরা ওকে পর্যবেক্ষণ করছেন। আজই বোঝা যাবে কী হবে। কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রানা মাত্র এক ওভার বল করার পরই মাঠ ছাড়েন। পরে তাকে হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়।

সিরাজ সর্বশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন ১৬ ম্যাচ, নিয়েছেন ১৪ উইকেট, ইকোনমি ৭.৭৯। তবে আইপিএলে তার অভিজ্ঞতা অনেক-মোট ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮৩ উইকেট, ইকোনমি ৮.২৫।

দ্রুতগতির বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাট করার সামর্থ্যও আছে রানার। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডেতে তিনি ৪৩ বলে বাউন্ডারিবহুল ৫২ রান করেছিলেন। অন্যদিকে, সিরাজ মূলত একজন টেইলএন্ডার ব্যাটার।

টি-টোয়েন্টিতে ভারত সাধারণত ব্যাটিং গভীরতাকে অগ্রাধিকার দেয়। তবে রানা না থাকলেও বড় সমস্যা হওয়ার কথা নয়, কারণ হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও শিভম দুবে অলরাউন্ডার হিসেবে বোলিং গভীরতা জোগাচ্ছেন। বিশেষজ্ঞ বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিং প্রধান দুই পেসার, সিরাজ থাকবেন রিজার্ভ হিসেবে। স্পিন বিভাগে কুলদীপ যাদবের চেয়ে এগিয়ে প্রধান রিস্টস্পিনার হিসেবে থাকবেন বরুণ চক্রবর্তী।

রানা সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলেছিলেন, যেখানে ভারত ৪-১ ব্যবধানে জয় পায়। এটি যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ, তাই ভারত আলাদা করে কোনো রিজার্ভ খেলোয়াড় ঘোষণা করেনি-প্রয়োজনে স্বল্প সময়ে খেলোয়াড় উড়িয়ে আনা সম্ভব।