Home Lead খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

559

স্টাফ রিপোর্টার।।


নগরীতে দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে লবণচরা থানা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার বাসিন্দা এবং তার বাবা আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাকিব এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এবং অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকিব হোসেনের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মাদক সংশ্লিষ্ট মামলা এবং অপরটি হত্যা চেষ্টা মামলা। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে-তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার পরপরই লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং নিহতের চলাফেরা ও পূর্ব শত্রুতার বিষয়গুলো খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানানো হয়েছে।

লবণচরা থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, নগরীতে প্রকাশ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।