ঢাকা অফিস।।
নির্বাচন কমিশন (ইসি) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামক একটি মোবাইল অ্যাপ পুনরায় সচল করেছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই ভোটকেন্দ্রের অবস্থানসহ নির্বাচনী যাবতীয় তথ্য হাতের মুঠোয় পাবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) অ্যাপটি আপডেট ও চালু করেছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই অ্যাপটি মূলত একজন ভোটারের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে নির্বাচনের ফলাফল পর্যন্ত সব স্তরের তথ্যের একটি ডিজিটাল ভাণ্ডার। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো- ভোটাররা তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে সহজেই জানতে পারবেন তাঁদের নির্দিষ্ট ভোটকেন্দ্র কোনটি।
অ্যাপটিতে ভোটকেন্দ্রের ছবি, দূরত্ব এবং ম্যাপ সুবিধা রয়েছে। ফলে ভোটাররা গুগল ম্যাপের সহায়তায় নিজ অবস্থান থেকে কেন্দ্রের সঠিক পথ খুঁজে পাবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্পদ ও দায়-দেনার বিবরণীসহ যাবতীয় হলফনামা এই অ্যাপ থেকে ডাউনলোড ও দেখা যাবে।
নিবন্ধিত সব রাজনৈতিক দলের তথ্য এবং নির্বাচনের লাইভ ফলাফল সরাসরি এই অ্যাপের মাধ্যমে জানা সম্ভব হবে।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আর, আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এটি সংগ্রহ করতে পারবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই অ্যাপটি প্রথম প্রবর্তন করা হয়েছিল। সে সময় এর কার্যকারিতা যাচাই শেষে এখন আরও আধুনিক ফিচারের মাধ্যমে এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের মতে, এই ডিজিটাল উদ্যোগের ফলে নির্বাচনে স্বচ্ছতা বাড়বে এবং ভোটারদের ভোগান্তি অনেকটা কমে আসবে।











































