স্টাফ রিপোর্টার।।
খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্রে কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আনসার সদস্যদের কেউ অনিয়মে জড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেউ বাধা দিতে পারবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে এসব কথা বলেন তিনি।
মহাপরিচালক বলেন, ‘এবার রাজনৈতিক কোনো প্রভুর কথা শোনা হবে না। আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন: জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা রয়েছে: পরওয়ার
সমাবেশে খুলনার ৮৪০টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এসময় মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, শুধু নির্বাচন নয়, সমাজের বিভিন্ন স্তরেও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।











































