Home খেলাধুলা বাংলাদেশ ইস্যুতে নীরব বিসিসিআই সভাপতি

বাংলাদেশ ইস্যুতে নীরব বিসিসিআই সভাপতি

4


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যেতে অস্বীকৃতি জানানো নিয়ে বিসিসিআই সভাপতি মিথুন মানহাসের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তবে সাবেক দিল্লি অধিনায়ক এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের ভিড়ের মধ্যেও তিনি বিষয়টি এড়িয়ে যান।

বৃহস্পতিবার বাংলাদেশ ঘোষণা দেয়, তারা ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না। এর এক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শুরুতে সাংবাদিকদের প্রশ্ন উপেক্ষা করেন মানহাস। বারবার প্রশ্ন করা হলে হাসিমুখে তিনি শুধু বলেন, ‘আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।’

আইসিসির সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বৈশ্বিক সংস্থাটির বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, পাকিস্তানে না গিয়ে ভারতের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত।

ইএসপিএনক্রিকইনফোকে আমিনুল ইসলাম বলেন, ‘গত ফেব্রুয়ারিতে একটি দেশ চ্যাম্পিয়নস ট্রফির জন্য অন্য দেশে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছিল। দলটি সব ম্যাচ এক ভেন্যুতেই খেলেছে, একই হোটেলে থেকেছে-এটি ছিল বিশেষ সুবিধা।’

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেনে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এরপর লিটন দাসের নেতৃত্বাধীন দলটি ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির মুখোমুখি হবে। সেখানেই ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার পর বাংলাদেশ যাবে মুম্বাই, যেখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে তারা।