স্পোর্টস ডেস্ক।।
ভারতীয় সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান বলেছেন, ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করার বদলে লিটন দাসের নেতৃত্বকে ভারত-বাংলাদেশের মধ্যকার চলমান উত্তেজনা কমানোর সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের অধিনায়ক হিন্দু-এই বিষয়টিকেও সম্পর্ক স্বাভাবিক করতে ইতিবাচকভাবে কাজে লাগানো যেতে পারে।
ওয়াসানের মতে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এত কাছাকাছি সময়ে এসে ম্যাচ ভেন্যু বদলানো আইসিসির জন্য বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি করবে। তিনি জোর দিয়ে বলেন, ভারতে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশকে এই টুর্নামেন্টকে উত্তেজনা প্রশমনের ‘অলিভ ব্রাঞ্চ’ হিসেবে দেখা উচিত।
বৃহস্পতিবার এএনআইকে অতুল ওয়াসান বলেন, ‘আইসিসির জন্য এটা একটি লজিস্টিক দুঃস্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছে, এত কাছাকাছি সময়ে এসে এমন কিছু করা সম্ভব নয়। ভারতে নিরাপত্তা নিয়ে আমার কোনো শঙ্কা নেই-এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্ত। আর আপনার অধিনায়ক হিন্দু, আমার মনে হয়, বাংলাদেশকে এই টুর্নামেন্টকে অলিভ ব্রাঞ্চ হিসেবে ব্যবহার করে চলমান উত্তেজনা কমানো উচিত।’
বুধবার আইসিসি নিশ্চিত করেছে, নির্ধারিত সূচি অনুযায়ীই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরানোর অনুরোধ করেছিল, তবে তা প্রত্যাখ্যাত হয়।
ওয়াসান আরও বজানান, বিসিবির উদ্বেগ আইসিসির অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন, স্বল্প নোটিশে ম্যাচ স্থানান্তর প্রত্যাশা করা অবাস্তব এবং আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে-বিদ্যমান পরিকল্পনা মেনে নিতে হবে, নতুবা বিশ্বকাপের বাইরে থাকতে হবে।
তিনি বলেন, ‘বিসিবির উদ্বেগ আইসিসির সঙ্গে মেলে না। কোনো দলের খেয়ালখুশি অনুযায়ী আইসিসি কাজ করতে পারে না। হঠাৎ একদিন চিঠি লিখে ম্যাচ সরানোর অনুরোধ করলে তা বাস্তবায়ন সম্ভব নয়। আইসিসি নিশ্চয়ই জানিয়েছে-হয় পরিকল্পনা মেনে নাও, নয়তো টুর্নামেন্টের বাইরে থাকো। বিসিবি বিষয়টি জানে।’
এদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ নাকচ করার পরও ভারতে আইসিসি পুরুষদের বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে বিসিবি অনড় রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা।











































