স্পোর্টস রিপোর্টার।।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নির্বাচকদের রাডারে ছিলেন রিপন মণ্ডল। ডানহাতি এ পেসার গতির চেয়েও লাইন-লেংথ আর নিখুঁত ইয়র্কারে নজর কাড়েন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মূল মঞ্চে আসার অপেক্ষাটা এখনো ফুরোয়নি রিপনের। ২০২৩ সালে এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেললেও বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পাননি এই ২২ বছর বয়সী পেসার। সেই আক্ষেপ ঘুচিয়ে জাতীয় দলে পাকাপোক্ত জায়গা করে নিতে এবারের বিপিএলকেই ‘পাখির চোখ’ করেছেন তিনি।
গতকাল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে নিজের সামর্থ্যরে প্রমাণ দেন রিপন। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট, যার মধ্যে একটি ওভার মেডেন ছিল। তার শিকারে পরিণত হন সাব্বির হোসেন ও হায়দার আলীর মতো স্বীকৃত ব্যাটাররা। রিপনের এমন বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই ৬ উইকেটের দাপুটে জয় পায় রাজশাহী।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করে জানান রিপন। তিনি বলেন, ‘বিপিএল আমার জন্য অনেক বড় একটা মঞ্চ। এখানে ভালো পারফর্ম করতে পারলে জাতীয় দলের সুযোগ ইনশাআল্লাহ আসবেই। আমি সেই সুযোগের অপেক্ষাতেই আছি। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে শতভাগ চেষ্টা করবো।’
বিপিএল খেলার আগেও রিপনের সময়টা দুর্দান্ত কেটেছে। গত নভেম্বরে কাতারে ‘রাইজিং স্টার্স’ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট নেন তিনি। বিশেষ করে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়ে আলোচনায় আসেন। সেই সাফল্যই তাকে বিপিএলে আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস তো থাকেই। একটা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলাম, সেখান থেকে আত্মবিশ্বাস বেড়েছে। যেভাবে এখানে শুরু করলাম, তাতে বিশ্বাস আরও বেড়েছে।
সামনে আরও খেলা আছে, এই ধারা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লড়াইয়ে রাজশাহীর একাদশে জায়গা পেতে তাকে তিন নম্বর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এ প্রসঙ্গে রিপন জানান, দলের সমন্বয়ের কারণে প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়ার বিষয়টি তাকে আগেই জানানো হয়েছিল। তবে দিনের ম্যাচ হোক বা রাতের- পার্থক্য খুঁজছেন না তিনি। রিপনের ভাষায়, ‘পরের চিন্তা করছি না। খেলোয়াড় হিসেবে আমি সবসময় প্রস্তুত। যখনই সুযোগ পাই, সেটাকেই ক্যারিয়ারের শেষ সুযোগ মনে করে মাঠে নামি।’ সাফল্যের তুঙ্গে থাকলেও মাটিতেই পা রাখছেন রিপন। এক ম্যাচের সাফল্য নিয়ে মেতে থাকতে চান না তিনি। রিপনের ভাষায়, ‘পরের ম্যাচে যখন নামবো, নতুন করে শুরু করার চেষ্টা করবো। পরিকল্পনা একটাই- যখনই সুযোগ পাবো, শতভাগ উজাড় করে দেবো।’
রিপন মণ্ডলের এমন ছন্দে থাকা রাজশাহীর জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে প্রথমবার বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেসের অবস্থা বেশ নাজুক; ৩ ম্যাচ খেলে সবক’টিতেই হেরে তারা এখন টেবিলের তলানিতে।











































