Home আলোচিত সংবাদ ১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

4

ঢাকা অফিস।।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে আজ সোমবার বিকালে তার প্রথম আগমন। সর্বশেষ ২০০৬ সালে নয়াপল্টন কার্যালয়ে এসেছিলেন তিনি। এর আগে বেলা ৩টায় তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা করেন।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকাল ৪টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।


এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাড়ি থেকে নেমে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন এবং দোতলার বারান্দায় দাঁড়িয়ে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময়পর্ব শেষ করেন। এরপর কার্যালয়ের দোতলায় নিজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন। কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় দলের চেয়ারপার্সনের কক্ষের পাশেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বার তৈরি করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের জামিন নিয়ে সপরিবারে লন্ডন যান। সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারেননি তিনি এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।