Home জাতীয় প্রস্তুতি সম্পন্ন, তফসিলের অপেক্ষা

প্রস্তুতি সম্পন্ন, তফসিলের অপেক্ষা

15


খুলনাঞ্চল রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার অপেক্ষায় পুরো দেশ। আজ বা আগামীকাল ঘোষণা আসছে সেই কাঙ্ক্ষিত তফসিল। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সিইসি’র তফসিল ঘোষণার বক্তব্য রেডিও ও টেলিভিশনে প্রচার করা হবে। বুধবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সিইসি’র বক্তব্য রেকর্ড করা হবে। সে অনুযায়ী মঙ্গলবার বিটিভি’র একটি দল মহড়াও দিয়ে গেছে। নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববারই সাক্ষাৎ করেছেন সিইসি ও চার কমিশনার। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


আজ (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দুপুরে সৌজন্য সাক্ষাৎ করবে ইসি। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর যেকোনো সময় তফসিল ঘোষণা হতে পারে।
প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে আর তৃতীয় গণভোটও দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা। বিএনপি, জামায়াত, এনসিপিসহ অর্ধশতাধিক দল ভোটে অংশ নিতে পারছে এবার। তবে দলীয় প্রতীকে আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার সুযোগ নেই বললেই চলে। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা দলগুলোও দোলাচলে আছে।


ওদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। ভাষণের কপিও চূড়ান্ত করে রাখা হচ্ছে। বুধবার ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। ১০ই ডিসেম্বর সন্ধ্যায় সম্ভব না হলে ১১ই ডিসেম্বর তফসিল ঘোষণা করা হবে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সার্বিক অগ্রগতি তুলে ধরে বলেন, আমাদের তফসিল ঘোষণার অপেক্ষা মাত্র। তফসিল ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতি রয়েছে তার সবই সম্পন্ন হয়েছে। ১০ নাকি ১১ই ডিসেম্বর এমন প্রশ্নের উত্তরে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে যা বলেছি তাই। এর বাইরে আলাদা করে কাউকে বলা সম্ভব নয়। মানে সুনির্দিষ্ট করে বলছি না- কাল না পরশু ঘোষণা করা হবে তফসিল। তবে তফসিলের যাবতীয় প্রস্তুতি কমিশন নিয়ে রেখেছে।


এদিকে ভোটের জন্য চেকলিস্ট প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচনের শেষ পর্যায়ের প্রস্তুতি সম্বন্ধে জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন; সেসব প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইনশৃঙ্খলার সেল গঠন এগুলোর ফরমেটগুলো রেডি রয়েছে। তফসিল ঘোষণার পরপর সেগুলো ধারাবাহিকভাবে আমরা জারি করবো।
আচরণবিধি প্রতিপালনে কঠোর থাকবে জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ দায়িত্বে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী সরাতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা নিতে বলা হচ্ছে, তারাও প্রস্তুত। আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনে সর্বোচ্চ কঠোরতা নেয়া হবে।